
টিটো মোস্তাফিজ
ধরো, হঠাৎ কখনো জানতে পারলে
এতদিন যা সব জেনেছিলে ধ্রুব
সত্যের ধারেকাছে নেই তার কিছু।
তোমার শ্রদ্ধেয় জন্মদাতা পিতা
তার সাথে নেই ডিএনএ-র মিল
তোমার গর্ভধারিণী মা জননী
তিনি কেবলই সারোগেট এক।
রক্তের বাঁধনে ভাবা ভাই-বোন
প্রান সংহারক প্রজাতির ঢেউ।
যে অষ্টাদশীকে দেখলে তোমার
ভিতরে উথাল পাথাল করে উঠে
যাকে প্রেম নামে জানো তুমি
সেটি টিউনিং ফর্কের অনুরণন
তোমাদের বুকে কম্পন জাগায়।
স্বর্গ রাজ্য বলে জেনে আসা
রয়েছে যত সু-মহান পরম্পরা
সকলি মিথ্যে বয়ানে গড়ে তোলা।
তোমার যাপনের যত স্মৃতিকথা
কারও খেয়ালে সিলিকন চিপে
বাইনারি লজিকের লতাপাতা।
যে মানুষ বলে এত গর্ব তোমার
আত্মবোধ অর্জনের অহংকার
সেটি আদপে জটিল এলগরিদম
অসংখ্য শূন্য ও এক-এর সমাহার।



