
শাহানাজ শিউলী
হৃদয়ের ডাকবাক্সটি খুলে দেখেছ?
কত চিঠি পড়ে আছে জমা!
অব্যক্ত প্রেমের কাব্যকথা আর চোখের নোনা পানির ঢেউয়ে চিঠিগুলো ভেজা।
অক্ষরে অক্ষরে ঝরে পড়ে বিরহের নীল জল,
হলদে খামে পাঠিয়েছি সব অভিমান আর দীর্ঘশ্বাস।
হয়তোবা কোনোদিন তালাটা খোলনি,
তাইতো তালাটিতে লাল জং ধরা।
খুলে দেখো, অভিমানের ধুলো আর
চিঠির ভাঁজে আটকে আছে কিছু অবুঝ মায়া।
জানি তুমি কোনোদিন পোস্টকার্ড পাঠাবে না,
তবুও বিষণ্ণ বুকজুড়ে একটা নীরব অপেক্ষা।
পিপাসার দীপাবলিতে পিয়নের মতো প্রতিদিন দাঁড়িয়ে থাকি—
বুকের খাঁচায় জমে থাকা গাঢ় অসুখ নিয়ে।



