উপন্যাসসাহিত্য

তবুও ভ্যালেন্তিনা

ধারাবাহিক উপন্যাস

তাহমিদ হাসান


এক.
চার্লস দ্য গল রেল স্টেশন। প্যারিস। চার্লস দ্য গল সেই মহান জেনারেল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফঁরাসি জাতি-কে নেতৃত্ব দিয়েছিলেন হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে। তিন দিন আগে রোম থেকে ট্রেনে এসে এখানেই নেমেছিল হাসান, আজ আবার ফিরে এসেছে। যদিও প্যারিসে এই প্রথম, তবুও বিগত তিন বছর জার্মানিতে বসবাসের অভিজ্ঞতায় খুব ভালো করে রপ্ত করে নিয়েছে-কীভাবে কাউকে জিজ্ঞাসা না করে নিজের গন্তব্য খুঁজে নিতে হয়! কারণ, এই সব জায়গায় প্রচুর সাদা পোশাকের পুলিশ ঘোরাফেরা করে; অবৈধ আগন্তুক বুঝতে পারলেই ধরে নিয়ে যায়। তারপর বহু ঝক্কি ঝামেলার পর পুলিশের হাত থেকে বাঁচা যায়। তাই সেদিন ট্রেন থেকে নেমে প্রচুর মানুষের ভিড়ে মিশে গিয়েছিল সে। কারণ, সে ভালো করেই জানত সবাই স্টেশনের বাইরে যাবে; তাই সে-ও সকলের সাথে পায়ে পা মিলিয়ে স্টেশনের বাইরে চলে গেল। তাকে দেখে কেউ ধারণা করতে পারত না যে, সে আজই প্রথম প্যারিসের মাটিতে পা দিয়েছে; এমন কী পুলিশও না। তার পিঠে ছিল কালো রঙের একটি ব্যাগ, পায়ে বুট জুতা, পরনে জিন্সের প্যান্ট এবং গায়ে শীতের কালো রঙের দামি চামড়ার জ্যাকেট। এটা ফেব্রুয়ারি মাস, তাই চারিদিক সাদা তুষারে ভেসে যাচ্ছিল; কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার মতো কোনও মন মানসিকতা হাসানের ছিল না। তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল- কোথায় যাবে সে? আবার জার্মানিতে ফিরে যাবে, নাকি স্বপ্নের সুইজারল্যান্ডে।

আজ পরিচিত পাকিস্তানি বন্ধুটি স্টেশনে নামিয়ে দিয়ে যাবার পর হাসান স্টেশনের কফি শপ থেকে একটা ব্ল্যাক কফি নিয়ে একটা ফাঁকা বেঞ্চে বসে আরাম করে চুমুক দিতে লাগলো, আর ভাবতে লাগলো। টিকেট কাটার আগে শেষ বারের মতো হিসাব মিলিয়ে নিচ্ছে, কোথায় যাবে সে? এখান থেকে চাইলে সে যে কোনও জায়গায় যেতে পারে; যেমন ব্রাসেলস্, আমস্টারডাম, জুরিখ, স্টুটগার্ট যে কোনও শহরে, শুধু টিকেট কেটে ট্রেনে বসলেই হলো। সম্ভাবনা খতিয়ে দেখছে হাসান, জুরিখে গেলে কী হবে? জুরিখে এমন কেউ নেই যে, তার কাছে পাসপোর্ট এবং ইতালিতে বৈধতার জন্য জমা দেওয়া কাগজগুলো জমা রেখে পুলিশের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়া যায়। কারণ, রাজনৈতিক আশ্রয় চাইতে গেলে যদি অন্য কোনও দেশের ডকুমেন্ট পুলিশ পায়, তবে সোজা দেশে পাঠিয়ে দিতে পারে। এদিকে তার মামা রবি বলে দিয়েছে ফ্রান্সে থাকতে না চাইলে হাসান স্টুটগার্ট যেতে পারে। ওখানে মামার এক পাকিস্তানি বন্ধু আছে, নাম ইফতেখার। স্টুটগার্ট স্টেশনে নেমে তাকে ফোন করলেই হবে, তিনি হাসানকে থাকার একটা ব্যবস্থা করে দেবে। মামার কাছ থেকে ইফতেখার সাহেবের নাম্বারটা হাসান নিয়ে এসেছে এবং যাতে না হারায়, তাই যত্ন করে জ্যাকেটের পকেটে রেখে দিয়েছে।

এখন কী করা যায়? ভেবে ভেবে কোনও কূল কিনারা করতে পারছে না হাসান। একদিকে স্বপ্নের সুইজারল্যান্ড, অন্য দিকে পরিচিত জার্মানি; আর হাসান বসে আছে প্যারিস রেল স্টেশনে। হাসান ভাবে মধুর এই সমস্যার একটা মধুর সমাধান দরকার। যদি স্টুটগার্টে মামার পাকিস্তানি বন্ধুকে নাও পাওয়া যায়, তবু হাসানের কোনও অসুবিধা হবার কথা নয়। সে ক্ষেত্রে সে পরের ট্রেনে এরফুর্ত চলে যেতে পারবে। ওখানে সে পাকিস্তানির দোকানে সেলসম্যানের কাজ করত; গেলেই আবার সে কাজে লেগে যেতে পারবে। অথচ জুরিখ একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। যদি ওরা সোজা দেশে পাঠিয়ে দেয়!

দ্বিধায় পড়ে যায় হাসান। কিছুই ঠিক করতে পারে না। কফি শেষ করে একটা সিগারেট ধরালো সে, মার্লবোরো। বব মার্লের প্রিয় ব্র্যান্ড। মনে পড়ে খুলনা আযম খান কমার্স কলেজের দিনু দা’র ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে সস্তা সিগারেট টানতো আর মনে মনে ভাবত, আহা, যদি মার্লবরো টানতে পারতাম, তবে জীবনটা সার্থক হয়ে যেত। আসলে মানুষের জীবনে বিভিন্ন বয়সে বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে, আর থাকে বুক ফাটা হাহাকার। বয়সের সাথে পাল্টায় হাহাকার এবং আকাঙ্ক্ষা, এটাই জীবনের ধর্ম।

সিগারেট টানতে টানতে হাসান চারিদিক ভালো ভাবে খেয়াল করতে থাকে। স্টেশনটা বিশাল। মাটি থেকে ছাদ অনেক উঁচু , কম হলেও তিন তলা সমান তো হবেই। লাইন ধরে সাজানো টিকিট কাউন্টার গুলো। আন্তঃ দেশীয় একদিকে এবং বিদেশী শহরগুলোর কাউন্টার অন্যদিকে। বেঞ্চে বসেই দেখতে পাচ্ছে সে, তেমন ভীড় নেই স্টেশনে। হয়তো শীত বলে। লোকজন যে যার কাজে ব্যস্ত। কেউ আসছে, কেউ যাচ্ছে। মাইক্রোফোনে সুরেলা নারী কন্ঠে কিছুক্ষণ পর পর ঘোষণা চলছে, কোন্ প্লাটফর্ম থেকে কোন্ ট্রেন কোন্ উদ্দেশ্যে কখন ছাড়বে। দেওয়ালের বিশাল ডিজিটাল বোর্ডেও সব তথ্য প্রদর্শিত হচ্ছে। এখন সকাল প্রায় দশটা; বেলা বারোটার সময় সাত নাম্বার প্লাটফর্ম থেকে একটা ট্রেন ছাড়বে ফ্রাঙ্কফুর্ট আম মাইনের উদ্দেশ্যে। বিদেশীরা যেটাকে ফ্রাঙ্কফুর্ট বলে, জার্মানিরা সেটাকে বলে ফ্রাঙ্কফুর্ট আম মাইন, অর্থাৎ মাইন নদী তীরের ফ্রাঙ্কফুর্ট। আর বেলা একটার সময় নয় নাম্বার প্লাটফর্ম থেকে অন্য একটা ট্রেন ছাড়বে জুরিখের উদ্দেশ্যে। বিশাল স্ক্রিনে জুরিখের নাম দেখেই হাসানের বুকের ভিতরটা হাহাকার করে উঠলো- আহারে জুরিখ! স্বপ্নের জুরিখ!

নিজের অজান্তেই বুকের ভিতর থেকে বিশাল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে! কোন্ প্লাটফর্মে তার নিয়তি নির্দিষ্ট করা আছে? সেটা কী সাত নাম্বার, নাকি নয়? ভাবতে ভাবতে হাতের সিগারেট শেষ হয়ে যায়, কিন্তু কোনও সিদ্ধান্তে আসতে পারে না সে। যা করার এখনই করতে হবে, হাতে সময় বেশি নেই। এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, অনন্তকাল বসে থাকা যাবে না। মনে মনে মুচকি হেসে হাসান ভাবে জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এক ঘন্টা অনেক সময়- ভয় কিসের বন্ধু? তোমার তো কোনও পিছু টান নেই, হারাবারও কিছু নেই; করণ তোমার তো কিছুই নেই, স্বপ্ন ছাড়া। তাই পিছনে তাকাবার কোনও মানে হয় না, সামনে তাকাও বন্ধু হাসান নিজেকে নিজেই সান্ত্বনাও সাহস দেয়।

এটাই প্রকৃত সময় একটা লটারি করার। হয়তো এটা নিয়তিবাদ, অথবা জুয়াড়ী মন। কিন্তু যাইহোক এটাতে পূর্ণ আস্হা হাসানের। মনে পড়ে যায় জীবনের প্রথম লটারির কথা। স্মৃতিকাতরতায় মনটা ভরে ওঠে, হাসিও পায়, তাই স্মৃতির ডানায় ভেসে ফিরে যায় শৈশবে। হাসানের প্রিয় বন্ধু রতন, দুই বন্ধুতে গলায় গলায় ভাব। তখন বয়স কতই বা হবে- নয় কী দশ। হঠাৎ একদিন তারা আবিস্কার করে এক-ই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে দু’জনে। তারা হেসেই খুন; এখন উপায় কী, আর সবচেয়ে বড় প্রশ্ন সমাধানই বা কী? চিন্তায় পড়ে যায় দুই বন্ধু। অনেক চিন্তা-ভাবনার পর দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় একটা লটারি করার। শর্ত একটাই যে জিতবে সে-ই প্রেম করবে ওর সাথে, এবং এই লটারি তাদের বন্ধুত্বে কোনও প্রভাব ফেলবে না। যেই ভাবা সেই কাজ। দুই বন্ধু মিলে লটারি করল, আর মেনেও নিলো। এই লটারি তাদের কাছে ছিল বাল্য বেলার একটা মজাদার ঘটনা মাত্র, আর কিছু নয়। কিন্তু তখন থেকে এই লটারি জিনিসটার প্রতি এক প্রকার দূর্বলতা তৈরি হয় হাসানের। শৈশব থেকে আবার বাস্তবে ফিরে আসে হাসান। তো লটারি করা যাক এবার। পকেট থেকে একটা ফঁরাসি কয়েন বাহির করে লটারি করল সে; মনে কোনও দ্বিধা না রেখেই ফলাফল অনুযায়ী স্টুটগার্ট এর টিকেট কেটে সাত নাম্বার প্লাটফর্মে গিয়ে জার্মানগামী ট্রেনটাতে গিয়ে বসে পড়ল। পিছনে পড়ে থাকল স্বপ্নের জুরিখ।

ইউরো স্টার ট্রেন। এই ট্রেনগুলো সাধারণত বড় বড় শহরগুলোতে থামে। এই সব ট্রেনে ধূমপায়ীদের জন্য আলাদা কেবিন থাকে। ধূমপায়ী কেবিনের পাশের একটা কেবিনে জানালার পাশে একটা সিটে বসলো সে, যাতে সিগারেট টানতে মন চাইলে ধূমপায়ী কেবিনে গিয়ে সিগারেট পান করে আবার সহজে নিজের আসনে এসে বসতে পারে। প্রতিটি সিট পরিপাটি, পরিস্কার; এবং প্রতিটি সিটে যাত্রাকালীন যাবতীয় তথ্য সম্বলিত ছোট একটি ব্রোশিয়ার দেওয়া থাকে। ওটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল হাসান। আসলে তার জানা দরকার কোন্ সময়ে ট্রেনটা ফ্রান্সের বর্ডার ক্রস করে জার্মানি ঢুকবে। কারণটা কিছু নয়, আসলে পুলিশী চেক হবার সম্ভাবনা ঠিক কখন, এটাই জানার উদ্দেশ্য। ফ্রান্সের শেষ স্টেশন স্ট্রাসবুর্গ, তারপর জার্মানির ছোট্ট সীমান্ত শহর বাডেন বাডেন। এই বাডেন বাডেনে ট্রেনটা এসে পৌঁছাবে বিকাল পাঁচটায়। মনে মনে হাসান হিসাব মিলিয়ে নেয়-ওখানে ট্রেনটার থামার একটাই কারণ হতে পারে, আর তা হলো জার্মান সীমান্ত পুলিশ যাতে ট্রেনটা চেক করতে পারে। আর স্টুটগার্ট পৌঁছাবে রাত নয়টা বাজে। ট্রেন চলতে শুরু করেছে। এইসব ট্রেনে রেস্টুরেন্ট থাকে; খুব ক্ষুধা পেয়েছে কিছু খেতে পারলে ভালো হতো, মনে মনে বলে হাসান; রেস্টুরেন্টে ঢুকে বার্গার ও একটা কফি অর্ডার দিয়ে বসে । হাতে প্রচুর সময়, কোনও তাড়াহুড়া নাই, তাই আরাম করে আস্তে-ধীরে খাওয়া-দাওয়া করে ফেরার সময় এক বোতল পানি নিয়ে নিজের আসনে এসে বসে সে। কামরাটা ভালো করে দেখে নেয়, ফাঁকা ফাঁকা আসনে অল্প কিছু যাত্রী বসে আছে; সবাই যে যার নিজের ধ্যানে মগ্ন। সন্দেহজনক তেমন কোনও কিছু তার নজরে পড়ল না। আসলে অবৈধ ভাবে থাকতে থাকতে মনের ভিতরে এক ধরণের সন্দেহ বাতিক তৈরি হয়েছে-এই বুঝি পুলিশের হাতে ধরা পড়ে গেলাম- এটাই হাসানের মূল আতংক। ঠিক দস্তয়েভস্কির উপন্যাস ক্রাইম এন্ড পানিশমেন্টের নায়ক রাসকলনিকভের মতো। উপন্যাসটা কলেজে থাকতে পড়েছিল হাসান। তবুও পুলিশ ধরলে কী বা আর হবে, দুই-তিন দিনের হয়রানি আর কী। ট্রেন ছুটে চলেছে, জানালা দিয়ে বাইরে তাকালো সে। মনে মনে আন্দাজ করল হাসান, ট্রেনের গতি কতো হতে পারে? কম করে হলেও ঘন্টায় আশি কিলোমিটার তো হবেই। প্যারিস পিছনে ফেলে এসেছে অনেক আগেই। চারিদিকে উঁচু-নিচু টিলা, ফাঁকে ফাঁকে মাটির টালি বসানো ছাদ অলা দু’তলা ভিলার মতো বাড়ী। বরফ জমে ছাদগুলো সাদা হয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে, প্রকৃতি যেন সাদা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। এদিকে বরফ পড়ে চলেছে নিঃশব্দে; এ রকম বরফ পড়া দেখলেই হাসানের খুব জানতে ইচ্ছা করে,-আচ্ছা, কবি জীবনানন্দ দাশ কি কোনও দিন এরকম নিঃশব্দে বরফ পড়া দেখেছিলেন? তিনি যে লিখেছেন, ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে।’ তাহলে বরফ পড়া দেখলে তাঁর অনুভূতি কেমন হতো! খুবই কৌতুহল হাসানের, যদিও এই কৌতুহল মিটবে না জীবনেও। কবি জীবনানন্দ দাশের অন্ধ ভক্ত সে; দু’জনের মধ্যে একটা সাধারণ মিলও খুঁজে পেয়েছে, আর সেটা হলো ২২শে অক্টোবর; কবির মৃত্যু এবং হাসানের জন্ম দিবস, সালটা শুধু আলাদা। কবির প্রিয় ধানসিড়ি নদী দেখার জন্য একবার কলেজে থাকতে স্টিমারে ঢাকা থেকে খুলনা গিয়েছিল সে। কারণ, খুলনা যাবার সময় স্টিমার ধানসিড়ি নদীর উপর দিয়েই যায়; এমনই ভক্ত সে। হাসানের ধারণা, জীবনানন্দ দাশের কবিতায় যেমন বিকালের বিষণ্নতা আছে, তেমনি আছ আকাশে নক্ষত্র ভরা রাতের নির্জনতায় নিজেকে হারিয়ে ফেলার আনন্দ। আর আছে এমন এক বাস্তবতা যেটা দেখেও দেখা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়; কিন্তু ব্যাখ্যা করা ভীষণ কঠিন।

জানালার বাইরে চোখ রেখে আপন মনে ভাবতে থাকে হাসান। স্মৃতির ভেলায় ভেসে মুহূর্তে চলে যায় ফেলে আসা অতীতে, বিষণ্নতায় ভরা বাংলাদেশে। মায়াবী এক মফস্বল শহর ছেড়ে দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে বিশাল ইউরোপের এক শহর থেকে আর এক শহরে অবিরাম ছুটে চলেছে সে। সকালে প্যারিস সন্ধ্যায় স্টুটগার্ট, রোমাঞ্চে ভরা এই অনিশ্চিত জীবন বুঝি চেয়েছিল সে। তবে যাই হোক এখন আর পিছনে ফেরার উপায় নেই- হেরে যাবার তো প্রশ্নই আসে না। ট্রেন থামতেই হাসান ফিরে এল নিজের মধ্যে। স্টার্সবুর্গ, কিছুক্ষণ পরেই জার্মানির বাডেন বাডেন। হাসান জানে জার্মানে ঢোকার এটাই শেষ এবং একমাত্র বাঁধা; তাই যতটুকু দোয়া-দরুদ জানে সব মনে মনে পড়তে থাকে সে, যদিও খুব কমই জানে। ট্রেন থামল জার্মানিতে। প্লাটফর্মে ট্রেন থামার পর মাইক্রোফোনে ঘোষণা ভেসে এল, সবাইকে নিজ নিজ কামরার সামনে প্লাটফর্মে নেমে দাঁড়াতে বলা হচ্ছে। হাসানের রক্তে একটা শীতল স্রোত বয়ে গেল; এই অপেক্ষায় ছিল সে। কাজ চালিয়ে নেবার মতো জার্মান ভাষা ইতিমধ্যে রপ্ত করেছে হাসান, এখন শুধু প্লাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা। যেহেতু যাত্রী খুবই কম, তার উপর বিদেশী (হাসানের মতো) হাতে গোনা দু’চার জন, তাই পিছন থেকে চেক করে হাসানের কাছে আসতে বেশি সময় লাগল না পুলিশের।

পুলিশটি বয়সে যুবক, চেহারায় ভদ্রতার ছাপ দেখে মনে মনে আশ্বস্ত হলো হাসান। কাছে এসে মাথা ঝাঁকিয়ে অভিবাদনের ভঙ্গিতে পুলিশটি বলল, গুটেন আবেন্ড (শুভ সন্ধ্যা)।

-গুটেন আবেন্ড।

-ডকুমেন্ট বিটে (দয়া করে কাগজপত্র)।

হাসান জ্যাকেটের পকেট থেকে পাসপোর্ট ও ইতালিতে গ্রিন কার্ডের (পারমেসসো দি সোজর্নো) জন্য জমা দেওয়া কাগজের রিসিভ কপি পুলিশের হাতে দিল। পুলিশ পাসপোর্টটি ভালো করে উল্টে-পাল্টে দেখে, জার্মানির ভিসা কোথায় জানতে চাইলো। কারণ, প্রতিটি পাতা ছিল খালি, কোন পাতায় কোন দেশের ভিসা ছিল না। হাসান ইতালিতে জমা দেওয়া কাগজ দেখিয়ে বল্লো,-এখন আর ভিসার প্রয়োজন হয় না, এটাই ভিসা (এ বছরের ভিতরে সেংগেন ভিসা চালু হবার কথা। তখন ইতালির বৈধ কাগজ থাকলে ইউরোপের যে কোন দেশে ভ্রমন করা যাবে, কিন্তু এখন এটা দিয়ে জার্মানে ভ্রমন অবৈধ)। সব জানা সত্ত্বেও সাহস করে খুব স্বাভাবিক ভাবে হাসান বল্লো। কিছুক্ষণ কাগজটি ভালো ভাবে নাড়া-চাড়া করে, ডাংকে সোন (অনেক ধন্যবাদ); বলে পুলিশ চলে গেল। হাসান ট্রেনে গিয়ে বসলো। ট্রেন চলতে শুরু করেছে, তাই হাফ ছেড়ে বাঁচলো সে। পুলিশ-কে বোকা বানাবার জন্য মনে মনে অনুতপ্ত সে, আবার এ যাত্রায় বেঁচে যাবার জন্য নির্ভার লাগছে এখন। মনে মনে বল্লো,-এখন একটা ঠান্ডা বিয়ার পান করা যেতেই পারে। কিছুক্ষণ আগে পড়া দোয়া-দরুদ ভুলে গেল হাসান।

দুই
ভিলনিয়াস। লিথুয়ানিয়ার রাজধানী। ছোট একটি ভিলা, বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সপ্তাহ খানেক আগে বেলারুসের রাজধানী মিনস্ক থেকে ৪৫ জনের একটা অবৈধ অভিবাসী দলের সাথে এখানে এসেছে হাসান। মিনস্ক থেকে সন্ধ্যায় একটা বাসে করে শহরের শেষে একটা জঙ্গলে, তারপর তিন জন রাশিয়ান মাফিয়ার সাথে সারারাত জঙ্গলে হেঁটে লিথুয়ানিয়া ঢোকার পর একটি ফ্রিজিং ফুড পরিবহনের বড় লড়িতে করে ভোর বেলায় ভিলনিয়াসের একটি জঙ্গলে এসে পৌঁছায় দলটি-‘কিছুক্ষণের মধ্যে আসছি’-বলে কোথায় যেন চলে যায় ড্রাইভার। সময় গড়াতে থাকে, কিন্তু ড্রাইভার আর আসে না। এদিকে লড়ির ভিতরে অক্সিজেনের

অভাবে সকলের শারীরিক অবস্হা আস্তে আস্তে করুণ হতে থাকে। কেউ হাতের কনুই দিয়ে, কেউ জুতার গোড়ালি দিয়ে কাঁচের জানালা ভাঙার চেষ্টা করতে থাকে; যদি একটু বাতাস পাওয়া যায় নিশ্বাস নেবার জন্য। সকলের অবস্হাই ধীরে ধীরে খারাপ হতে থাকে। কান্নার শব্দ, আর দোয়া-দরুদ পড়ার আওয়াজে পরিবেশ ভারি হয়ে ওঠে, কিন্তু তবুও ড্রাইভারের দেখা নাই।

গাড়িটি যেন সার্কের এক মহা মিলন কেন্দ্র; ভারতীয়, শ্রীলঙ্কান, পাকিস্তানি, বাংলাদেশী, আফগানী সবাই আছে গাড়িতে। দেশ ভিন্নতায় জনগণের মন মানসিকতার যতোই ভিন্নতা থাক না কেন, আজ এই অবরুদ্ধ লড়ির ভিতরে আটকে পড়া সবার প্রার্থনা শুধু একটাই-যে করেই হোক এই মৃত্যুকূপ থেকে বাহির হতে হবে। কারণ, ইতিমধ্যে সকলে বুঝতে পেরেছে আর কয়েক ঘন্টা ভিতরে আটকা থাকলে সবাইকে মরতে হবে; কেউ বেঁচে থাকবে না। সকলের স্বপ্নের করুণ সমাপ্তি হবে ভিলনিয়াসের এই জন-মানবহীন গহীন জঙ্গলে। হয়তো প্রিয় পরিচিত মুখ জীবনে আর দেখা হবে না; এমন কী তাদের লাশটাও পাবে না মৃতের উপযুক্ত সৎকার। কিন্তু কী সেই স্বপ্ন? যার টানে তারা ছুটে এসেছে এই দূর পরবাসে! সেটা কী বেঁচে থাকার নিশ্চয়তা, উন্নত জীবন, অথবা চাকচিক্যময় ইউরোপ? কিন্তু যা-ই হোক, এভাবে চলতে থাকলে আর কিছুক্ষণ পরে সবাইকে মরতে হবে। এবং কিছু দিন পরে যখন সকলের গলিত লাশ উদ্ধার হবে (যদি হয়), তখন খুব বেশি হলে একটি আন্তর্জাতিক খবরের হেডলাইন হবে তারা; আর তখন তারা হবে শুধুই একটা সংখা, কোনও পরিচয় থাকবে না তাদের! এই জন্যেই কি পঙ্গপালের মতো এত দূর ছুটে আসা? হাসানের স্মৃতি ঝাপসা হতে থাকে।

এই সময় গাড়ির দরজা খুলে যায়। হাসানের মনে হলো, যেন জান্নাতের দরজা খুলে গেল। সবাই প্রাণ ভরে নিশ্বাস নিলো; ড্রাইভার সাহেব যা বল্লো তা হচ্ছে, সে কাছেই ছিলো, শুধু মূল সড়কে পুলিশের উপস্হিতি টের পাওয়াতে গাড়ি আনতে দেরি হলো এই আর কী। এবার সবাই কে দুটি দলে ভাগ করে, দুটি ছোট গাড়িতে করে এই ভিলাতে নিয়ে আসা হয়েছে; যেখানে গত এক সপ্তাহ ধরে সারাদিন শুয়ে-বসে সময় কাটাচ্ছে তারা পরবর্তী গন্তব্যের অপেক্ষায়।

জীবনের ঝুঁকি নিয়ে এই যে মরীচিকার পিছনে ছোটা; এটার কি খুব প্রয়োজন ছিল? দেশে কি কিছুই করার ছিল না? এই সব অলস মুহূর্তে অনেক কিছু মনে আসে হাসানের। আসলে ছা পোষা মধ্যবিত্ত জীবন কখনই তাকে টানে না। সামরিক শাসন বিরোধী রাজনৈতিক ডামাডোলের মধ্যে নিষিদ্ধ বামপন্থী রাজনীতিতে জড়িয়ে কলেজ থেকে ঝরে পরে সে, শিক্ষা জীবন শেষ না করেই পেশাদার বিপ্লবী হয়ে যায় সে; যদিও তার মা ভীষণ কষ্ট পেয়েছিলেন। মায়ের ইচ্ছা ছিল ছেলে চাটার্ড একাউন্টেন্ট হবে; যদিও রসকষহীন একাউন্টিং হাসানের ভালো লাগতো না, তার ভালো লাগতো কবিতা, আর চোখে ছিল বিপ্লবের স্বপ্ন। আর এই বিপ্লবের স্বপ্ন যখন ভেঙে গেল, তখন তাকে পেয়ে বসে হতাশা ও অপরাধবোধে। অন্যদের মতো বিপ্লব বিক্রি করতে পারে না হাসান; সে কখনও চায়ও নি এটা করতে। সে শুধু চেয়েছে পালিয়ে যেতে দূরে, বহুদূরে; কিন্তু কোথায় তা সে জানে না; শুধু এইটুকু সে অনুভব করে, তাকে যেতেই হবে।

তেরো শতকের বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলোর সিল্ক রুট ধরে চীনে যাবার রোমাঞ্চকর যাত্রার সাথেই কেবল তুলনা চলে এই অবৈধ অভিযাত্রার। কিন্তু তবুও মার্কো পোলোর মতো কোনও বিখ্যাত অভিযাত্রী হাসান নয়; এবং এই যাত্রার কোনও ঐতিহাসিক মূল্য নেই পৃথিবীর কাছে; উপরন্ত এই যুগে এটা একটা অপরাধ; যাকে বলে অবৈধ সীমান্ত অতিক্রম। তবুও এই যে মস্কো এয়ারপোর্টে নামার পর থেকে প্রতিপদে পুলিশী নির্যাতনের ভয়, মৃত্যুর হাতছানি-এমন কী মরে গেলে লাশটাও কেউ কোনও দিন খুঁজে পাবে না-এত সব বিপদ মাথায় নিয়ে, কখনো সারা রাত পায়ে হেঁটে, কখনো মাফিয়াদের গাড়িতে কিছু দূর, তারপর আবার হাঁটা-সিল্ক রুট না হলেও হাসানের কাছে এটা জীবনের রাস্তা। এই রাস্তার শেষে আছে জার্মানির মুক্ত বাতাস, অথবা মৃত্যু।

রাশিয়ান এজেন্ট এসে বলে গেল আগামীকাল রওনা দিতে হবে; সবাই যেন প্রস্তুত থাকে। পরবর্তী গন্তব্য পোল্যান্ড। কারো চোখে ঘুম নেই সবাই চিন্তিত; না জানি কপালে নতুন কী বিপর্যয় লেখা আছে। সন্ধ্যায় গাড়ি আসলো, শুরু হলো আর একটা অনিশ্চিত যাত্রা। আবার সেই একই গাড়ি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। রাশিয়ান এজেন্ট ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে আশ্বস্ত করল। কিন্তু এবার আর কোনও সমস্যা হলো না; গভীর রাতে পোল্যান্ড বর্ডারের কাছে একটি জঙ্গলে থামল গাড়িটি। এখানে সবাইকে সামরিক বাহিনীর একটি লরিতে ওঠালো; রাশিয়ান এজেন্টতো ছিলই, সাথে সামরিক পোশাক পরা লোকও ছিল। বোঝাই যায় মাফিয়াদের নেটওয়ার্ক অনেক শক্তিশালী এবং বিস্তৃত। জঙ্গলের মেঠোপথ ধরে আস্তে আস্তে চলছে গাড়িটি; এই পথের শেষ মাথায় পোল্যান্ড বর্ডার।

জোছনা রাত। জঙ্গলের শেষ মাথায় এসে থামল লরিটা। মাফিয়াদের অনুসরণ করে সবাই হাঁটা শুরু করল। চাঁদের আলোয় স্পস্ট দেখা যাচ্ছিল সবকিছু। কিছু দূর পরপর সাদা চক দিয়ে সাংকেতিক চিহ্ন আঁকা, সেই সংকেত অনুসরণ করে নীরবে হাঁটতে থাকল সবাই (হয়তো বা লক্ষ লক্ষ বছর আগে জোছনার এক মায়াবী রাতে আফ্রিকার আদিম অরণ্য হতে আমাদের এমনই একদল পূর্বপুরুষ যাত্রা করেছিল জীবনের পথে)। মাফিয়ারা ছিল সংখায় তিনজন, দুইজন সামনে, পিছনে একজন। কিছুক্ষণ চলার পর জঙ্গলের শেষ মাথায় চলে এল দলটা। সবাইকে দাঁড়াতে বলে মাফিয়ারা চলে গেল সামনে পর্যবেক্ষণ করতে; সব কিছু ঠিক আছে কিনা দেখতে। সব কিছু দেখে একজন ফিরে এল, এবং সবাইকে নিয়ে সামনে এগিয়ে গেল। বর্ডারের নো ম্যান্সল্যান্ডে সবাই থামল। বাম থেকে ডানে প্রায় চার মিটার চওড়া (একটা চাষ করা জমির মতো) নো ম্যান্সল্যান্ড দৃষ্টিসীমার বাইরে চলে গেছে; এটা পার হলেই পোল্যান্ড। মাফিয়াদের কাছে ভাঁজ করা একটা কাঠের সেতু ছিল, চওড়ায় স্কুল বেঞ্চের মতো। একজন মানুষ সহজেই হেঁটে যেতে পারবে এটার উপর দিয়ে। এই সেতুটি আঁড়া-আঁড়ি বিছায়ে দিয়ে প্রথমে একজন রাশিয়ান পার হয়ে গেল। তার পিছনে একে একে সবাই পার হয়ে গেলে, ওরা আবার সেতুটি গুটিয়ে কাঁধে নিয়ে নিলো। ওদের একজন বল্লো,- ‘বলোতো আমরা কেন হেঁটে পার হলাম না?’ হাসলো সে। আর একজন বল্লো,- ‘মাটি দিয়ে হাঁটলে আমরা সবাই ছাই হয়ে যেতাম; কারণ, মাটিতে উঁচ্চ শক্তির বিদ্যু আছে, যেন কেউ পার হতে না পারে। আর তোমাদের যদি আমরা আগে এই কথাটা বলতাম, তবে ভয়ে কেউ না কেউ পড়ে যেত, বর্ডার আর পার হতে পারত না; তখন আমরা সবাই ধরা পড়ে যেতাম।’ ওরা হাসতে লাগলো। এই কথা শোনার পর (যদিও বিপদ কেটে গেছে) সবার রক্তে একটা শীতল অনুভূতি মাথা থেকে পায়ে নেমে গেল।

উঁচু উঁচু গাছ, সঠিক কিনাম তা জানে না হাসান; হয়তো বা পাইন গাছ। দেবদারু গাছের মতো একটি মাত্র কান্ড, কিন্তু বিশাল মোটা গুঁড়ি সোজা উঠে গেছে উপরে, আকাশের দিকে। এই গাছগুলোর ফাঁক দিয়ে এঁকে-বেঁকে হাঁটছে সবাই। চাঁদের আলোয় মাটিতে পরে থাকা ঝরা পাতা স্পস্ট দেখা যাচ্ছে। জোছনা গায়ে মাখা-মাখি করে দাঁড়িয়ে আছে গাছগুলো; অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, স্বপ্নের মতো ঘোর লাগা নিয়ে হাঁটছে হাসান। একটা জিনিস তার মাথায় ঢুকলো না, মাফিয়ারা কেন এই রকম একটা জোছনা রাত বেছে নিলো গোপনে সীমান্ত পারাপারের জন্য? তবে যাই হোক চাঁদের উদ্দেশ্যে মনে মনে হাসান বল্লো,- ‘হে চাঁদ, আজই তোমাকে উঠতে হলো আকাশে? দয়া করে মেঘ দিয়ে ঢেকে ফেলো তোমার ঐ রূপ; এই ভাবে তোমার রূপালী রূপের সুধায় ভাসিয়ে দিও না চারিদিক। দয়া করো, তোমার হাসি যদি আরও বেড়ে যায়, আমরা তো তবে ধরা পড়ে যেতে পারি। দূর থেকে কেউ আমাদের দেখে ফেলতে পারে; তোমার প্রতি আমার আজন্ম ভালোবাসার মূল্য কি তবে এই?’ জঙ্গলের শেষ মাথায় এসে গেল তারা। সামনে তাকিয়ে হাসান যা দেখলো, তাতে তার মনে হলো এ এক স্বর্গীয় দৃশ্য। এর চেয়ে সুন্দর দৃশ্য তার দু’চোখ দিয়ে সে দেখেনি কোনও দিন, তার বিশ্বাস এহ জীবনে আর দেখবেও না; এ ব্যাপারে সে নিশ্চিত।

যে দিকে চোখ যায় গাঢ় সবুজ গ্রাম্য মাঠ; মনে হয় কাঁচি দিয়ে সুন্দর করে ছাঁটা হয়েছে ঘাস। মাঠজুড়ে কিছুদূর পর পর এক একটা বাড়ি; পরিস্কার-পরিচ্ছন্ন পথ এঁকে-বেঁকে এক একটা বাড়ির দরজায় গিয়ে শেষ হয়েছে। জোছনায় সমস্ত প্রকৃতিসহ সমগ্র গ্রামটা ভেসে যাচ্ছিল। মাঠে কয়েকটি গরু আপন মনে ঘাস খেয়ে চলেছে, দেখে বোঝা যাচ্ছে রাতের এই পরিবেশ ওদের খুব পরিচিত। ওদের গায়ের সাদা-কালো দাগগুলো স্পস্ট দেখা যাচ্ছে। নিবিড়-নিস্তব্ধ এই জোছনাময় রাতে গরুসহ সমগ্র গ্রামটা-কে মনে হচ্ছে বিশাল ক্যানভাসে আঁকা কোনও অপার্থিব ছবি। নিজের দু’চোখ-কে নিজেরই বিশ্বাস হচ্ছিল না হাসানের-এটা কী স্বপ্ন, নাকি বাস্তব? এখান থেকে হাসানের যেতে ইচ্ছা করছিল না; জোছনা রাতে আলোর এই বন্যার মাঝে তার শুধু আলোর মতোই ভেসে যেতে ইচ্ছা করছিল; আর ইচ্ছা করছিল, এখানে এই আলোর মাঝে মরে যেতে; যেন তার আত্মা এই আলোর সাথে মিশে আলো ছড়াতে পারে অনন্তকাল। হাসানের মনে হলো এখন সে বুঝতে পারছে কেন কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন,

‘অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে
ক্লান্ত-ক্লান্ত করে;
লাশকাটা ঘরে
সেই ক্লান্তি নাই;’

যেতে না চাইলেও গ্রামটা পার হয়ে যায় হাসান, আর হাসানরা যখন গ্রামটা পার হয়ে যাচ্ছিলো- গভীর ঘুমে মগ্ন ছিল সমস্ত গ্রাম। গ্রামবাসীরা কোনও দিন কল্পনাও করতে পারবে না- তারা যখন নরম বিছানায় ঘুমে মগ্ন ছিল, তখন একদল উদভ্রান্ত অবৈধ অভিবাসী তাদের গ্রামের উপর দিয়ে চলে গিয়েছিল অজানার পানে। হাঁটছিল আর মন ভরে পিছন ফিরে গ্রামটা-কে শেষ বারের মতো দেখে নিচ্ছিল হাসান। সামনে অপেক্ষা করছিল দুটি ট্রাক, সবাই দুই ভাগে ভাগ হয়ে ট্রাক দুটিতে উঠে পড়ল। ট্রাক দুটি এসে থামল বিশাল একটি কাঠের তৈরি গোডাউনের সামনে। ভিতরে ঢুকে বোঝা গেল কৃষি সরঞ্জাম এবং গম মজুদের কাজে ব্যবহৃত হয় এই গোডাউন। আগামী কিছু দিন এখানে লুকিয়ে থাকতে হবে, পরবর্তী সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত। পরবর্তী গন্তব্য পোল্যান্ডের রাজধানী ওয়ারশাওয়া, ইংরাজী উচ্চারণে যাকে বলে ওয়ারস্।

প্রথম দেখায় যতটা বড় মনে হয়েছিল, গোডাউনটা তার চাইতেও অনেক বড়। ভিতরে এক পাশে খড়ের স্তুপ, অন্য পাশে কয়েকটি ট্রাক্টর পড়ে আছে; সাথে বিশাল একটা ফাঁকা জায়গা। এখানে সারাদিন গল্প-গুজব করে সবার দিনটা ভালোই যায়, কিন্তু রাতে প্রচন্ড ঠান্ডা পড়ে; রাতে খড়ের গাদার মধ্যে শরীর ঢুকিয়ে শুধু মুখ বাইরে রেখে কোনওমতে কাটিয়ে দেয়। প্রতিদিন দুইবার (সকাল এবং সন্ধ্যায়) স্হানীয় এজেন্ট এসে সবাইকে একটা ছোট বন রুটি, একটা কলা এবং এক কাপ চা দিয়ে যায়; তারা কারো সাথে কোনও কথা বলে না-রোবটের মতো আসে আর যায়।

দুই বেলা দুইটি রুটি খেয়ে দলটা-কে বেঁচে থাকতে হচ্ছে; এর বেশি কিছু চাইবার কোনও সুযোগ নাই। এক গ্লাস পানির জন্য হাসানের মনটা হাহাকার করে ওঠে। মনে পড়ে এই জীবনে, অথবা অন্য কোনও জীবনে ( যে জীবনই হোক না কেন, তবে জীবনটা-কে বহুদূরের মনে হয় ) যখন বন্ধুদের সাথে শহরের কোনও হোটেলে বসে আড্ডা দিত সে, তখন কিছু অর্ডার দেবার আগেই ওয়েটার এসে গ্লাস ভর্তি পানি রেখে যেত টেবিলে; এমনই সস্তা ছিল টলমলে ঐ পানির গ্লাস। অথচ এখন, হাসান কল্পনায় দেখতে পায়-টলমলে সেই গ্লাসগুলো হাসানের দিকে তাকিয়ে হাসছে। সে কোনও দিন কল্পনা করেনি এক গ্লাস পানির জন্য মনটা এমন হাহাকার করে উঠতে পারে।

এভাবে কয়েক দিন যাবার পর, এক সন্ধ্যায় আবার শুরু হয় তাদের স্বপ্নযাত্রা; দুটি কাভার্ড ভ্যান আসে ওদের নিয়ে যেতে। দুই ভাগে ভাগ হয়ে ওরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফসলি জমির মধ্য দিয়ে আঁকা-বাঁকা মেঠো পথ; সবাইকে গাড়ির ছাদের রড ধরে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ, বসার জন্য কোনও আসন পাতা নাই। প্রথম গাড়ি ভালো ভাবে চলে যায়; কিন্তু হাসানদের গাড়ি ডানে-বামে দুলতে দুলতে চলন্ত অবস্হায় হঠাৎ রাস্তার এক পাশে উল্টে পড়ে যায়। ওদের ভাগ্য ভালো যে, এটা কোনও পাহাড়ী রাস্তা ছিল না; যদি তাই হতো, তবে ওদের স্বপ্ন ঐ দিন ঐখানে শেষ হয়ে যেত। যাই হোক সবাই মিলে গাড়িটি দাঁড় করিয়ে, আবার রওনা দিল। একটা নির্জন রাস্তায় ওদের জন্য আগে থেকে অনেকগুলো ট্যাক্সি অপেক্ষা করছিল। প্রতিটি ট্যাক্সিতে তিন জন করে উঠিয়ে ছেড়ে দিল ওয়ারস্ এর উদ্দেশ্যে। হাসান একটি ট্যাক্সির সামনে বসলো; কিছুক্ষণের মধ্যে ট্যাক্সি হাইওয়ে দিয়ে ছুটতে লাগল আপন গন্তব্যে। জীবনের ঝুঁকি নিয়ে যে ভয়ংকর রাস্তা পাড়ি দিচ্ছে এই অবৈধ অভিবাসীর দলটা, তার মধ্যে এই ট্যাক্সি ভ্রমন রাজকীয় প্রতিপন্ন হলো তাদের কাছে। হাসানের ট্যাক্সির ড্রাইভারটি ছিল ওদের প্রতি সহানুভূতিশীল ও হাসিখুশি। সিগারেট ধরাবার অবাধ স্বাধীনতা ইতিমধ্যে সে সবাইকে দিয়েছে; তাই সিগারেট ধরিয়ে টানতে টানতে কিছুক্ষণ আগের গাড়ি উল্টে যাবার ভয়াবহ ঘটনা ভুলে গেল হাসান। সিগারেটে টান দিয়ে তার শুধু মনে হলো, বেঁচে থাকাটা নেহাত মন্দ নয়!

তিন
ওয়ারস্। পোল্যান্ডের রাজধানীর নিরিবিলি এলাকায় সুন্দর একটা ভিলা। কয়েকদিন যাবৎ এখানেই আছে হাসানদের দলটি। বেলারুসের রাজধানী মিনস্ক থেকে যে দলটি রওনা দিয়েছিল-বহু চড়াই-উতরাই পেরিয়ে, কখনো খেয়ে, কখনো না খেয়ে, অবশেষে একটু শান্তির আশ্রয় পেয়েছে এখানে। সবার বুকের উপর চেপে থাকা পর্বত প্রমাণ পাথরটি আপাতত সরে গেছে, এখন আর নেই। সেটা এই কারণে যে, যদি তারা প্রথম চেষ্টায় জার্মানে ঢুকতে না ও পারে, তবুও দেশে ফেরত যাবার কোনও ভয় নেই; অথবা পুলিশের অত্যাচার, কিংবা জেলেও যেতে হবে না তাদের। কারণ, চাইলে রাজনৈতিক আশ্রয় নিয়ে পোল্যান্ডে থাকা যাবে, এবং তারপর কোনও এক সুবিধাজনক সময়ে আবার জার্মানে যাবার চেষ্টা করা যাবে।

দুই তলা ভিলাটির নিচতলা এবং উপরতলা মিলিয়ে প্রায় একশত অভিবাসী প্রত্যাশি জড়ো করেছে মাফিয়ারা। এটাই অভিবাসীদের লেনদেনের শেষ পয়েন্ট; যাদের লেনদেন এখনো বাকি আছে, তারা এখানে টাকা পরিশোধ করার পরই কেবল সামনে অগ্রসর হবার অনুমতি পায়, অর্থাৎ জার্মানে যাত্রা করার ছাড়পত্র মেলে। এখান থেকে মাঝে মাঝে এক-একটি মাইক্রোবাসে পনেরো জনের একটি দল-কে পাঠানো হচ্ছে জার্মান বর্ডারের কাছে আর একটি আস্তানায়। এই সম্পুর্ণ নেটওয়ার্কের নেতা একজন পাকিস্তানি মাফিয়া। বিশাল তার নেটওয়ার্ক; মস্কো থেকে জার্মান, এবং জর্মানী থেকে সমগ্র ইউরোপের সব দেশে তার লোক আছে। যেহেতু মস্কো থেকে সমস্ত লেনদেন মিটিয়ে এসেছে হাসান, তাই তার কোনও কাজ নেই; সারাদিন খাওয়া-দাওয়া, আর সবার সাথে গল্প-গুজোব করে তার দিন কাটে। তার অপেক্ষা একটাই, কবে তার ডাক আসবে পরবর্তী যাত্রার। হাসান এই নেটওয়ার্কটা নিয়ে যতো ভাবে ততই রোমাঞ্চিত হয় তাদের সাহস দেখে। কিন্তু হাসান যেটা জানে না তা হলো, মাফিয়াদের প্রতি ইতিমধ্যে তার ভিতরে একটা আবেগ তৈরি হয়ে গেছে; এই আবেগ তাড়িত হয়ে ইউরোপের বাকি জীবনে মাফিয়াদের সাথে জড়িয়ে যাবে সে; ফলে অনেক কিছুই পাবে, এবং হারাবেও অনেক কিছু।

এটা সেই সময়ের কথা, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে কেবল পাঁচ-ছয় বছর হবে। পুঁজিবাদী গণতান্ত্রিক বিশ্বের সাথে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক বিশ্বের শীতল যুদ্ধের অবসান হয়েছে। রাশিয়াসহ পূর্ব ইউরোপের সব দেশেই সমাজতন্ত্রের আড়ালে জনগণের ঘাঁড়ে চেপে বসা একনায়কতন্ত্রের মৃত্যুঘণ্টা বেজে গেছে। পূর্ব ইউরোপের তরুণ সমাজ শৃঙ্খল মুক্তির আনন্দে আত্মহারা। বিপ্লবের এই করুণ পরিণতি দেখে হাসান নির্বাক হয়ে যায়; কারণ, এই বিপ্লবের স্বপ্ন তার যৌবন লন্ডভন্ড করে দিয়ে গেছে। এমন কী, যে বার্লিন প্রাচীর জার্মানি-কে বিভক্ত করে রেখেছিল বহু বছর, একান্নবর্তী উঠানের মাঝ বরাবর বেদনার দেয়ালের মতো; সেটাও বিলীন হয়ে গেছে, স্হান করে নিয়েছে ইতিহাসের জাদুঘরে। পূর্ব জার্মানির তরুণ সমাজ তখন শুধু দুই চোখে পশ্চিম জার্মানি দেখার জন্য দেশের আনাচে-কানাচে থেক পঙ্গপালের মতো ট্রেন ভর্তি করে ছুটেছে পশ্চিমের পানে, কখনো ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, ডর্টমুন্ড, স্টুটগার্ট আবার কখনো হেনোভার; দেশাত্মবোধক গানে গানে মুখরিত করে রেখেছিল ঐক্যবদ্ধ জার্মানের আকাশ-বাতাস। মনের আনন্দে তারা কেবল ছুটেছে আর ছুটেছে; সদ্য স্বাধীনতা প্রাপ্তির সাথেই তুলনা চলে এই বাঁধ ভাঙা আনন্দের।

আসলে কোনও মতবাদ জোর করে মানুষের উপর চাপিয়ে দিয়ে তাদের আবেগ দমিয়ে রাখা যায় না। একশত বছর পরে হলেও আবেগের বিস্ফোরণ একদিন না একদিন ঘটবেই; শুধু সময়ের অপেক্ষা মাত্র। তো এই রাজনৈতিক পরিবর্তনের ফলে পূর্ব ইউরোপ জুড়ে ঘটেছে আর্থ-সামাজিক পরিবর্তন; সেটাও বিশাল, চোখে পড়ার মতো। ব্যক্তি মালিকানাধীন ব্যবসা-বানিজ্য ও মুক্ত অর্থনীতির পিছনে মানুষ ছুটেছে আর ছুটেছে। ঠিক তখন এই সুযোগটা কাজে লাগিয়ে মাফিয়ারা খুলে বসেছে তাদের বিশাল নেটওয়ার্ক; মস্কো থেকে বার্লিন পর্যন্ত। দক্ষিন-পূর্ব এশিয়ার হাজার হাজার অবৈধ অভিবাসী এই বিপদসংকুল পথ পাড়ি দিচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, হাসান তাদের একজন। অবশ্য অনেকে হারিয়ে গেছে চিরদিনের মতো পাহাড়ে, জঙ্গলে, এবং বরফের নীচে; যাদের লাশের সন্ধান কেউ আর কোনও দিন পাবে না। শুধুমাত্র সৌভাগ্যবান খুঁজে পায় স্বপ্নের ঠিকানা। কিন্তু যারা হারিয়ে গেছে, হয়তো বহুদূরের কোনও দরিদ্র জনপদে এই সব হারিয়ে যাওয়া মানুষগুলোর প্রতিক্ষায় শোকাহত স্বজনদের আহাজারিতে ভারি হবে বিষণ্ন বাতাস; কেঁদে কেঁদে শুকিয়ে যাবে তাহাদের চোখের জল; তবু যারা একবার চলে গেছে, তারা আর ফিরে আসবে না।

প্রায় দশ দিন ওয়ারস্ থাকার পর, একদিন বিকালে একটি মাইক্রোবাস আসে; হাসানসহ পনেরো জনের ডাক পড়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে (জার্মান বর্ডারের কাছে নতুন কোনও ঠিকানা)।

মাইক্রোতে শুধু ড্রাইভার ও তার পাশের ছিটটা আছে, পিছনে কোনও ছিট নাই, খুলে রাখা হয়েছে, সেখানে বড় একটা ফাঁকা জায়গা। পনেরো জন গাদাগাদি করে বসেছে সেখানে। প্রায় দশ ঘন্টা গাড়ি চলার পর পোল্যান্ড-জার্মান বর্ডারের কাছে কোনও এক পরিত্যাক্ত দুই তলা বাড়িতে এসে থামল মাইক্রোটি। এখানেই আপাতত কিছু দিন থাকতে হবে দলটিকে, যতদিন না জার্মানে যাবার পরবর্তী সবুজ সংকেত পাওয়া যায়। তবুও এই পর্যন্ত আসতে পেরে সবাই খুশি; যেহেতু আর একটি মাত্র সীমান্ত নির্বিঘ্নে পার হতে পারলেই স্বপ্নের জার্মানি। প্রায় এক মাসের যাত্রায় এক কাপড়ে কয়েক হাজার কিলোমিটার পার হয়ে এসেছে হাসান, টানেলের শেষ মাথায় এসে পৌছে গেছে হাসান; অপর পারের আলো দেখতে পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র!

নিচতলায় রান্নাঘর, ওয়াশরুম ও ডাইনিং; উপরে থাকার ব্যাবস্থা। সাতজন পাকিস্তানি ও আটজন বাংলাদেশী, মোট পনেরো জন; বোঝাই যাচ্ছে জার্মানির উদ্দেশ্যে প্রতিবার পনেরোজনের একেকটি দল করে পাঠায় মাফিয়ারা; ব্যবস্হাপনা মন্দ নয়, বরং সুচিন্তিত মনে হয় হাসানের। পোল্যান্ডের এজেন্টরা প্রতিদিন সকালে নিত্যপ্রয়োজনীয় বাজার দিয়ে যায়; আর সবার জন্য এক প্যাকেট করে সিগারেট প্রতিদিন। সিগারেটের এই ব্যাপারটা মস্কো থেকে এখন পর্যন্ত একই রকম আছে। হাজার টেনশনের মধ্যে সিগারেটের জন্য বাড়তি কোনও টেনশন করার প্রয়োজন হয়নি কারো। বরং সব সময় পকেটে সিগারেট থাকায় এক ধরণের মানসিক প্রশান্তি অনুভব করত সবাই। সম্ভবত মানুষের এই একাকীত্ববোধের মনস্তাত্ত্বিক চিকিৎসা মাফিয়ারা ভালোই রপ্ত করে নিয়েছে। পালা করে কোনও দিন পাকিস্তানি, আবার কোনও দিন বাংলাদেশী খাবার রান্না করত সবাই মিলে। মোট কথা একটা পিকনিকের আমেজে দিন কাটতে থাকে সবার, আর মনে মনে জার্মানি যাবার সুখ চিন্তায় একটা ঘোর লাগা সময় কাটে সকলের।

বাড়িটি যেমন পুরাতন, ভিতরের আসবাব আর বিছানাপত্র তেমনি নোংরা ও ময়লা। দেখেই বোঝা যায় কোনও রকমে কয়েকটা দিন থাকার জন্য এই ব্যাবস্থা। এক-একটা দল কয়েক দিনের জন্য আসে, তারপর চলে যায়; পিছনে রেখে যায় কিছু স্মৃতিচিহ্ন। পরবর্তী দল যখন আসে তারা অনুপ্রাণিত হয় এই ভেবে যে, যাক, আমাদের মতো কেউ এখানে এসেছিল; কিছুদিন থেকে তারাও চলে গেছে সেখানে, যেখানে এখন আমরা যেতে চাই। মাফিয়ারা প্রতিদিন কিছু সময় সবার সঙ্গে কাটিয়ে যায়, সবাইকে আশ্বস্ত করে; ইংরেজি ও রাশিয়ান ভাষা মিলিয়ে গল্প করে যতটুকু পারা যায়; আর মজার ব্যাপার হলো, প্রতিদিন ওরা বলে, ‘আগামীকাল তোমরা জার্মানি যাচ্ছ।’ তাই পরদিন যখন তারা আবার বাজার নিয়ে আসে তখন সবাই হাসতে হাসতে বলে,- ‘কমরেড, আগামীকাল।’ তারাও যোগ দেয় এই সম্মিলিত হাসিতে।

অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন, সন্ধ্যায় ওরা আসে আর বলে,-‘চলো, যাওয়া যাক।’ সবাই প্রস্তুত, কারো দেরি হয় না। সবার সাথে সবার একটা আন্তরিকতা গড়ে উঠেছে; যেহেতু একই পথের পথিক, এবং একই কষ্টের সমান অংশিদার সবাই। হয়তো আর কোনও দিন দেখা হবে না, থাকা হবে না এই ভাবে এক সাথে; তাই সবাই বিদায় নেয় সবার কাছে, এবং রওনা দেয় এক সাথেই। বাইরে অপেক্ষা করছে সামরিক বাহিনীর বড় একটা ট্রাক।

সবাই ওঠার পর আস্তে আস্তে চলতে থাকে গাড়িটি, জঙ্গলের ভিতর দিয়ে। আল্লাহ’র নাম নিয়ে রওনা দিয়েছে সবাই, এখন আল্লাহ তাদের একমাত্র সহায়। ঘন্টাখানেক চলার পর জার্মান বর্ডারে এসে থামল তারা। এতদিন যেটা ছিল স্বপ্ন, এখন সেটা দৃষ্টিসীমার মধ্যে, সামনে জার্মানি; দুরত্ব শুধু প্রায় দশ মিটার চওড়া একটা খাল। সবাই উত্তেজিত, আনন্দে কারো কারো চোখে জল এসে গিয়েছে। এই সেই জার্মানি, যার জন্যে হাতের মুঠোয় জান নিয়ে এত দূর, এত বন্ধুর পথ পাড়ি দেওয়া। যারা কোনও দিন এই পথে আসেনি, তারা কল্পনাও করতে পারবে না কতটা ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ এই পথ, শত বর্ণনা করলেও না।

খালের পাড়ে দাঁড়িয়ে আছে সবাই, ওপারে জার্মানি; এই অভুক্ত, অবৈধ অভিবাসী দলটার স্বপ্নের মাঝে শেষ দেয়াল হয়ে বয়ে যাচ্ছে খালটি। খাল পার হবার জন্য এবার মাফিয়ারা সাথে করে নিয়ে এসেছে প্লাস্টিকের নৌকা। হাওয়া দিয়ে ফুলিয়ে নৌকায় করে দু’জন চলে যায় খালের ওপারে; আর একজন এপারে চিকন অথচ শক্ত নাইলনের দড়ি ধরে দাঁড়িয়ে থাকে। এখন দু’পারে দু’জন দড়ি টানটান করে ধরে থাকে, একজন ফিরে আসে হাসানদের কাছে; শুরু হয় খাল পারাপার। প্রতিবার তিনজন নিয়ে ওদের একজন দড়ি ধরে টেনে টেনে খাল পার করতে থাকে। সব ঠিক-ঠাক চলছিল, কিন্তু বিপত্তি ঘটে যখন হাসানের পালা এল তখন। খাল পার হবার সময় হাত থেকে দড়ি ফসকে যাওয়ায় নৌকা ভেসে যেতে লাগল স্রোতের অনুকূলে। মুহূর্তে খালের দুই পারে উত্তেজনা ছড়িয়ে পড়ল, আতংকিত হয়ে পড়ে সবাই। কিছুক্ষণ চেষ্টার পর কিছুটা দূরে গিয়ে জার্মানির দিকের এজেন্ট ধরে ফেলল নৌকা। কাঁপতে কাঁপতে সবাই খাল পারে উঠে দাঁড়াল; মাফিয়াদের আতংকিত চেহারা দেখে হাসান অনুমান করে, নিশ্চয়ই সামনে ভয়ানক কোনও ঘটনা ঘটতো, যদি নৌকাটি রক্ষা করা না যেত! এটা নোম্যানসল্যান্ড, ড্রেনের মতো সরু একটা গর্তের ওপাশ থেকে জার্মান ভূমির শুরু। সবার সাথে হাসানও লাফ দিয়ে পা রাখল জার্মানির মাটিতে; সাথে সাথে তার সারা শরীরে একটা অদ্ভুত অনুভূতি টের পেলো সে। যদিও এটা ছিল বর্ণনাতীত, তবু তার মনে হলো, যেন চাঁদের মাটিতে পা রেখেছে স্বয়ং নিল আর্মেস্ট্রং।

চার
ড্রেসডেন, জার্মানি। সাক্সেন প্রদেশের রাজধানী শহর; এটা সাবেক পূর্ব জার্মানির অন্তর্গত। গত ছয় মাস যাবৎ দুইটি সাময়িক আশ্রয়কেন্দ্র ঘুরে অবশেষে এই শহরে থাকার অনুমতি পেয়েছে হাসান; তবে শর্ত একটাই এ শহর ছেড়ে জার্মানের অন্য কোনও শহরে যেতে পারবে না। যদিও আশ্রয়প্রার্থীদের কারো এই শর্তের ব্যাপারে কোনও ভ্রুক্ষেপ নেই। এখন গ্রীষ্মকাল, গাছে গাছে সবুজ পাতায় পূর্ণ; রাস্তার পাশের ফুল গাছে ফুটে আছে বিভিন্ন রকমের ফুল; যদিও ফুল এবং গাছ দুটোই হাসানের অপরিচিত; কিন্তু তবুও ফুলের সৌন্দর্য ও সৌরভ উপভোগে হাসানের কোনও অসুবিধা হয় না তাতে। চারিদিকে এখন একটা উৎসবের আমেজ। ইউরোপের মানুষ সারা বছর কাজ করে, যাতে গ্রীষ্মকাল প্রাণভরে উপভোগ করতে পারে। হাসান নিজেও উপভোগ করে ইউরোপে তার প্রথম সামার।

চারতলা একটা বাড়ি। বিভিন্ন দেশের আশ্রয়প্রার্থীতে পূর্ণ। সরকারি ব্যাবস্থাপনায় সামাজিক মন্ত্রণালয় (সোসাল আম্ট) থেকে সবার জন্য সপ্তাহে দুইবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একজন মানুষের সপ্তাহে চলার মতো সব কিছুই থাকে তার মধ্যে। তিন মাস পরপর নতুন জামা-কাপড় দেওয়া হয়, সেটাও বিনামূল্যে; আর মাসে একবার দেওয়া হয় হাত খরচের টাকা। হাসান দেশে থাকতে শুনেছিল, পশ্চিম জার্মানিতে যে পরিমাণ হাত খরচ দেওয়া হতো; তাই দিয়ে রাজার হালে চলার পরও দেশে টাকা পাঠানো যেত। অবশ্য এখন আর আগের সেই দিন নেই, এখন হাত খরচের টাকা দিয়ে কোনওমতে সিগারেট খরচ চলে। তবে সরকারি এই খরচে আপাতত ভালোই আছে হাসান; এর চাইতে বেশি আর কী বা চাইবার থাকতে পারে! বিশাল দুটি অ্যাটাচড্ রুমে আট জন বাংলাদেশী (হাসানসহ) থাকে, এটা দুইতলায়; চারতলায় থাকে আরও আট জন। এই একই বাড়িতে বাংলাদেশী ছাড়া আরও আছে কসোভো, ফিলিস্তিনি, আলবেনিয়ান ও শ্রীলঙ্কান। সব মিলিয়ে এই বাড়িটাতে কলেজ জীবনের হোস্টেলের আমেজ অনুভব করে হাসান।

আপাতত কোনও কাজ নেই হাসানের; সবার সাথে আড্ডা মেরে, তাস খেলে, আর শহরময় ঘুরে বেড়িয়ে দিন কাটে। মাঝে মাঝে এঁকা বেরিয়ে পড়ে হাসান। একটা কাজের খুব দরকার; দেশে মায়ের জন্য কিছু টাকা পাঠাতে হবে; নিজের কাছেও কিছু টাকা রাখা প্রয়োজন। কারণ, বলা তো যায় না কখন হঠাৎ করে জার্মানি ছাড়ার আদেশ চলে আসে। মুহূর্তের মধ্যে সব ছেড়ে পালিয়ে যাবার জন্য প্রস্তুত থাকা, এটাই একজন অবৈধ অভিবাসীর নিয়তি; তাই আজকের পরিচিত বিছানায় আগামীকাল ঘুমাতে পারবে কিনা, হাসান জানে না। পলাতক মন নিয়ে হাসান দেশ ছেড়ে পালিয়েছে, এখনও মনে মনে পালানোর জন্য প্রস্তুত; কিন্তু প্রশ্ন হচ্ছে পালাবে কোথায়?

শহরের কেন্দ্র পোস্ট প্লাৎস্-এ (পোস্ট স্কয়ার) একটা ছোট ভ্রাম্যমাণ বাজার বসে প্রতিদিন; কয়েকটি জামা-কাপড়ের দোকান, নিত্যপ্রয়োজনীয়, কয়েকটি জুতা ও খাবারের দোকান। এই মার্কেটের একটি জামাকাপড়ের দোকানের মালিক তাম্মী নামের একজন জার্মান মহিলা। সে একাই দোকান চালায়, বয়স খুব বেশি হলে চল্লিশ কী পয়তাল্লিশ হবে। সুশ্রী এবং ভদ্র ও অমায়িক; যদিও অধিকাংশ জার্মানিই ভদ্র। ইতিমধ্যে তাম্মীর সাথে পরিচয় হয়েছে হাসানের। মাঝে মাঝে হাসান এখানে আসে, আর সবার দোকানে গিয়ে কাজ খোঁজে। এমনই একদিন তাম্মী ডাকে, আসলেই কাজ করতে চাও?

-হ্যাঁ, একটা কাজের খুব দরকার আমার।

-ঠিক আছে, প্রতিদিন বিশ মার্ক, আর লাঞ্চের জন্য পাঁচ মার্ক। চলবে?

-অবশ্যই। বলে হাসান, আর মনে মনে বলে, চলবে মানে কী? দৌড়াবে।

-ঠিক আছে, তবে কাল সকাল সাতটায় চলে আসো।

-এখন থেকে শুরু করি? আজকের জন্য কোনও টাকা দিতে হবে না।

একটি অমায়িক হাসি দিয়ে তাম্মী জড়িয়ে ধরে হাসানকে। শুরু হয় হাসানের নতুন পথ চলা। প্রতিদিন সকাল সাতটার আগে চলে আসে হাসান। মার্কেটটা ওর বাসার কাছেই; হেঁটে আসতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে। বড় একটা মার্সিডিস বেঞ্চ মাইক্রোবাস নিয়ে ঠিক সময় মতো চলে আসে তাম্মী, ও নিজেই চালায় গাড়ি। এই গাড়িতে দোকানের যাবতীয় মালামাল ভর্তি। আসলে এগুলো সব ভ্রাম্যমাণ দোকান; যে কোনও জায়গায় এক ঘন্টার মধ্যে দোকান লাগানো যায়, আবার এক ঘন্টার মধ্যে গুটিয়ে চলে যাওয়া যায়।

হাসানের প্রথম কাজ হলো তাম্মী গড়ি পার্কিং করার পর গাড়ি থেকে স্টিলের ফ্রেমগুলো নামিয়ে, একটার সাথে একটা জোড়া লাগিয়ে তারপর উপরে ত্রিপল টানিয়ে দোকানটা খাড়া করা। তারপর টেবিল নামিয়ে টেবিলের উপর জামা-কাপড় সাজিয়ে রাখা। কয়েকটা স্ট্যান্ড আছে তার উপর মহিলাদের জামা টানিয়ে টেবিলের পাশে রাখা। এরমধ্যে তাম্মী বার থেকে সকালের নাস্তা নিয়ে আসে; নাস্তা বলতে এক পিস মিস্টি কেক ও কফি। জার্মানদের সকালের নাস্তা বলতে এটাই। দুই জনে এক সাথে নাস্তা করে, তারপর শুরু হয় বেচা-কেনা। আগে দোকান লাগাবার এই কাজটি তাম্মী একাই করত; কিন্তু এখন এইগুলো হাসান নিজেই করে, তাম্মীকে করতে দেয় না। হাসানের মনে হয়, সে থাকতেও যদি এই কাজ এখনো তাম্মীকে করতে হয়, তবে তার থাকার মানে কী? তবুও তাম্মী হাত লাগায়। আসলে জার্মানের কী পুরুষ, কী মহিলা, সবাই কর্মঠ; কাজ না করে কেউ বসে থাকতে চায় না। একজন কাজ করবে, আর একজন বসে বসে দেখবে, এটা ওরা মেনে নিতে পারে না। কাজ না করে বসে থাকাটা ওদের কাছে অপমানজনক মনে হয়, জার্মান মানসিকতা এমনই, আর জার্মানদের এই পরিশ্রমী মানসিকতাকে হাসান সন্মান জানায়। হাসান নিজেও কাজে ফাঁকি দেওয়া পছন্দ করে না; তাই অল্প দিনের মধ্যে সে তাম্মীর প্রিয়পাত্রে পরিণত হয়।

দুই পাশে দুইটা করে টেবিল (একটার পিছনে একটা) মধ্যখানে চলার পথ। এক পাশের টেবিল জুড়ে শুধু টি শার্ট, অন্য পাশের টেবিলে ট্রাউজার, ব্রা, এবং মেয়েদের টুকটাক জিনিসপত্র; বাকি চারটা স্ট্যান্ড জুড়ে মেয়েদের জামা (জার্মান ভাষায় ব্লুজে) ঝোলানে; এই হলো দোকানের মালামাল। সারাদিন দুই জনে মিলে এইগুলোই বিক্রি করে। মাঝে মাঝে বিভিন্ন উৎসবে কিছু ব্যানার (যেমন জার্মানির বিভিন্ন ফুটবল ক্লাব, মিউজিক্যাল ব্যান্ড, জাতীয় পতাকা ও বিভিন্ন দৃশ্য সম্বলিত ছবি) বিক্রি করে তাম্মী। কয়েকদিনের মধ্যেই হাসানের মুখস্ত হয়ে যায় সব জিনিসপত্রের নাম, দাম, সাইজের ধরণ; আর রপ্ত করে নেয় বিক্রির কলাকৌশল। নতুন দেশ, ভাষা নতুন, অচেনা পরিবেশ ও পারিপার্শিকতা, তবুও হাসানের প্রাণান্তকর চেষ্টার কোনও ত্রুটি নেই পরিস্হিতি মানিয়ে নেবার। কোনও মহিলা দোকানে আসলেই হাসান চেষ্টা করে কিছু না কিছু গছিয়ে দেবার জন্যে। তাম্মী বসে বসে দেখে, আর হাসে; তার অভিব্যাক্তি বলে দেয় হাসানের কাজে সে খুশি।

[চলবে]

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension