
ছড়া
জগলুল হায়দারের দুই ছড়া

বন্দী মানুষ পাখির মতো
বন্দী ঘরের খাঁচায়
মুক্ত ছুঁচো পেটের ভিতর
খিদার ঘুঙুর নাচায়।
কর্ম লুটের করোনাতে
দীনদুঃখী কাজ হারায়
কেমনে হবে ভরনপোষণ
প্রশ্ন এসে দাঁড়ায়।
সামনে খিদা পিছে খিদা
মরছে খিদার জ্বালায়
সেনার ধাওয়ায় মানুষ ভাগে
খিদা কি আর পালায়?
গরিব তবু খাচ্ছে খুঁটে
চেয়ে-চিন্তে যা পায়
প্রাণ বাঁচে না মান বাঁচে না
মধ্যবিত্ত হাঁপায়।

ভাত হলে হোক নষ্ট পচা
হাভাতের এই দিন
তাই কুড়িয়ে কতো লোকে
মিটায় পেটের ঋণ।
চাল হয়েছে চুরি তবে
খিদা চুরি হয় না
এসিড পোড়ায় দিবানিশি
খিদার মানিক ময়না।
ভাত শুকিয়ে চাল করে তাই
চাল রেঁধে ফের ভাত!
হায়রে খিদা বুড়া দিদা
লাগায় তাতেই হাত।




