
ছড়া
করোনাকাল
এখন আমার একলা লাগে
একলা লাগে খুব
তোমার মাসুম মুখ ভাসে আর
স্মৃতিতে দেই ডুব।
আটকে গেছি করোনাতে
বিষন্ন খুব মন
এই ব্যবধান ঘুচায় কি আর
কেবল টেলিফোন।
ছেলে-মেয়ের জন্য পরান
ডুকরে উঠে রোজ
আমার এখন অপেক্ষাতে
ভরসা স্মৃতির ভোজ।
স্মৃতি আহা এত্ত স্মৃতি
দুুইটা মাসেই আজ
কোয়ারেন্টিনে খুলতে থাকি
পুণ্য স্মৃতির ভাঁজ।
আত্মজ আর আত্মজাকে
নিত্য করি ফিল
করোনাকাল ভাবলে পরে
যায় ভেঙে যায় দিল।
এই জীবনে হয়নি এমন
কাটছে না তাই দিন
এই বিরহে তাই বাজে আজ
ব্যথার ভায়োলিন।
স্মৃতির ভাঁজে তোমার প্রীতি
দিচ্ছে খালি টান
বাংলা এবং আমেরিকার
পথের ব্যবধান।
আল্লাহ যদি সহায় থাকেন
দেখা হবে ফের
তোমরা থাকো সালামতে
রইল দোয়া ঢের।◉




