চান্দি গরম
শরীফ আস্-সাবের
দাম বেড়েছে তেল-রসুনের,
দাম বেড়েছে নুন-চালের;
পেয়াজ মরিচ যায় না ছোঁয়া,
আক্রা চিনি আর ডালের।
ভেজাল ঘিয়ে বাজার ভরা,
ফলের গায়ে ফরমালিন;
দামের তবু নাই কোনো ছাড়,
খাওয়ার আশা তাই বিলীন।
টেম্পু, বাসের বাড়লো ভাড়া,
ট্যাক্সিতেও নাই রেহাই,
রাস্তা কাটা, তাও আবার –
ম্যানহোলে তার ঢাকনা নাই।
হঠাৎ দেখি, গলির মোড়ে
ঝুলছে নোটিশ, ‘ন্যায্য দাম’;
নাইকো মজুত, তাই সেখানে
ঘটছে তুমুল তুলকালাম।
টিসিবিতে লাইন দিয়েও
মিললো না চাল, তেল, চিনি;
বাজার থেকে অধিক দামে
এ সব আমি তাই কিনি।
ধরলো অসুখ, হাসপাতালের
বিল দেখেই ভিরমি খাই;
চড়া দামে কিনছি ওষুধ,
আসল-নকল ঠাহর নাই।
কি যে করি, কোথায় যে যাই,
ঘুম ছুটে যায় মাঝ রাতে;
বাজার গরম, চান্দি আমার
গরম হলো সেই সাথে।
মেলবোর্ন থেকে



