
মমতা মজুমদার
আমার মতো বিশ্বাসী আর কই
পাবে তুমি সব বন্ধু মহল খুঁজে?
যেথায় আছি ছোট্ট ডিঙ্গির মতো
পাশাপাশি দেখো দুচোখ বুজে।
অন্ধকারে আলোর দেখা যেমন
আমায় তুমি পাশে পাবে তেমন
একটা ফুল কুড়িয়ে আনো যদি
সুবাস দেব ভালোবেসে কেমন।
ঘুমের ঘোরে যদি দেখা মেলে
স্বপ্নপরির সাথেই আছ বসে
তখন কিন্তু সুখ সাগরে ভেসে
থাকব না হয় মনটা চষে রসে।
তোমার সময় কাটলে খুব একা
আকাশ ছুঁয়ে আনবো একটু নীল
মনে মনে রাঙিয়ে মনের কথায়
রাঙাবো ছোট্ট নরম দুটি দীল।
তোমার কভু শূন্যতা হলে ভূবন
ছায়ার মতো থাকব সারাবেলা
নিঃশব্দের এক মায়াবতী হয়েই
মায়া মমতা সাজিয়ে দেব ভেলা।
একটা ঝিনুক লুকানো হলে বুকে
দেখে না কেউ অনুভব হয় তখন
আমি আছি তোমার হৃদয় জুড়ে
সুখের হাসি মুখে ফোটাও যখন।



