
এম এ রহমান
বায়ান্নর বুক থেকে জন্ম নেয়া এক স্বপ্নপাখি
দিনে দিনে বড় হয় বুকের ভিতর বাসা বাঁধে
পাখি ডানা ঝাপটায় ঘুমের গাঢ়ত্বে মাপে রাত
রাত্রিরা তখনো জেগে তন্দ্রাঘোরে পাখির অপেক্ষা…
এক বজ্রকন্ঠ শব্দে জেগে উঠে সেই স্বপ্নপাখি
কান পাতে চারিদিকে ক্রমে বাড়ছে শব্দের গতি
দেখে সূর্যফুল ফুটছে একটি আঙ্গুল ডগায়
পাখি বুঝে ভোর হবে— গেয়ে ওঠে সকালের গান
ভোর হলে পাখি ওড়ে ডানা মেলে আকাশের পানে
নীচে তের শত নদী রক্তস্রোতে বয়ে যায় লালে
আহত বাতাসে ভাসে স্বজন হারানো আর্তনাদ,
মানুষ পোড়া গন্ধ, লুন্ঠিত সম্ভ্রমে চাপাকান্না…
পাখি ওড়ে, চেয়ে দেখে— সদ্য জন্ম নেয়া এক শিশু
রক্তের জরায়ু থেকে বের হয়ে কেঁদে ওঠে তীব্র
এ কান্না শোকের আর এ কান্না স্বাধীনতার খুশি
জনক কোলে নিলেন— নাম দিলেন ‘বাংলাদেশ’।



