
কবিতা
হলুদ পাখির নির্জনতা
শম্পা ঘোষ
চোখের জলের মতো নিখুঁত তৃষ্ণাতুর হৃদয়
সহজিয়া চাঁদ হয়ে আকাশে বিনির্মাণ রত,
সবাই কলঙ্ক দেখেছে তাতে
আমি দেখেছি মন খুঁটে খাওয়া যন্ত্রণা
ঈশ্বর পদ্ম ফোটাতে সৃষ্টি করেছিল পাঁক
সুন্দরের বাঁকে বাঁকে শুধু কঠিন পথ চলা
তবু নিজের অনুভূতির সারল্য স্বীকার
কোনো অ্যামফোস্ফিয়ারের তারে ধরা পড়ে না,
কখনো সাজানো-গোছানো মুখোশে
মুখ ঢাকে বিধ্বস্ত আমি।
তোমার স্পর্শ ছোঁয়ায় গোপন চিঠিতে শূন্যতা ভাসে
কলম ভিক্ষে নিয়ে সূর্য রঙে
উন্মত্ত প্রকাশে ভাসিয়ে দিয়ে নিজেকে,
হলুদ পাখির নির্জনতায় এইটুকুই
না হয় প্রাপ্তি হয়ে থেকে যাক।



